চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন না করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিপিএল মাঠে না গড়ালে দেশের ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই আর্থিক ক্ষতিতে পড়বে। যে কারণে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে দুই দফা বৈঠকও হয়েছে বিসিবির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিসিবির পরিচালকদের নিজেদের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ক্রিকেটারদের কথা চিন্তা করে ঘরোয়াতে ম্যাচ ফি বাড়ানোর কথা জানিয়েছেন তামিম। সবমিলিয়ে বছরে একজন খেলোয়াড় শুধু ঘরোয়া লিগ খেলে ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন।
তামিম ইকবাল বলেন, 'কোয়াবের সঙ্গে দুটি মিটিং হয়েছে। তারা একটা প্রস্তাব দেয় আমরা কাউন্টার প্রস্তাব দেই। পরে আমরা আবার বসি। এরপর সময় চাই যেন আমাদের নিজেদের মিটিংটা করে নিতে পারি। এখানে আসার আগে কোয়াবের সিনিয়রদের সঙ্গে আলাপ করেছি। সবাই অনেক খুশি। একজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের পুরো সিজন খেললে বছরে ৩৫-৪০ লাখ টাকা করে পাবে।'
বিসিবি প্রধান আরও বলেন, 'আমরা এখানে ক্রিকেটারদের সার্ভ করার জন্য এসেছি। আমাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক খারাপ হওয়ার তো প্রশ্নই আসে না। বরং ভালো হওয়া দরকার। কারণ অনেক সময় অনেক বেইজ্জতি করা হয়েছে ক্রিকেটারদের। আমার নতুন করে কিছু বলার দরকার নাই।'
তামিম বলেন, 'আমি নিজেই যেহেতু ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলেছি তাদের সঙ্গে। তাদের ভালো-খারাপ কিছুটা হলেও বুঝার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে। তাদের জন্য আমার যেটা করা দরকার হবে আমি তাই করবো। ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার প্রশ্নই আসে না। এটা ভালো হওয়ারই দরকার।'

