দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন অভিনেত্রী বন্যা মির্জা। প্রবাসজীবনে অভিনয়ের নতুন অধ্যায়ে এবার প্রথমবারের মতো নিউইয়র্কের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। মাসুম রেজা রচিত ‘নেমেসিস’ নাটকে অভিনয়ের মাধ্যমে আগামী ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যামাইকার মঞ্চে দর্শকের সামনে হাজির হবেন এই অভিনেত্রী।
থিয়েটার ৭১-এর আয়োজনে বাংলা ভাষার নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির নির্দেশনা দিচ্ছেন দীর্ঘদিন ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা নির্দেশক খায়রুল ইসলাম পাখি। প্রদর্শনীকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে চলছে নিয়মিত মহড়া।
দীর্ঘদিন পর মঞ্চে ফেরার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত বন্যা মির্জা। তিনি গণমাধ্যমকে বলেন, “মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা অন্য যেকোনো মাধ্যমের চেয়ে আলাদা। নিউইয়র্কের মতো শহরে বাংলাদেশের একটি বাংলা নাটক মঞ্চায়িত হচ্ছে—এটি আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। নাটকটি দেখার পর দর্শকই বলবেন, আমরা কতটা সফল হয়েছি। আমরা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।”
মাসুম রেজার লেখা ও নাটকটির নির্দেশনা নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি। বর্তমানে নাটকটির মহড়ায় নিয়মিত অংশ নিচ্ছেন বন্যা মির্জা।
এর আগে ঢাকায় মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নির্মিত একক নাটক ‘পারো’-তে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
মঞ্চ ও টেলিভিশন—দুই মাধ্যমেই স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বন্যা মির্জা। দীর্ঘদিন নাট্যদল দেশ নাটকের সঙ্গে যুক্ত থেকে বেশ কয়েকটি প্রশংসিত প্রযোজনায় অভিনয় করেছেন। পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন তিনি। ‘নেমেসিস’-এর দুটি প্রদর্শনীর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও সরাসরি দর্শকের সামনে মঞ্চে ফিরছেন এই অভিনেত্রী।

