নির্যাতিত নেতা-কর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নে অগ্রাধিকার পাবেন: এমপি আবুল কালাম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২

মামলা, হামলা ও নির্যাতনের শিকার নেতা-কর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতিত হয়েও এলাকা ছাড়েননি, বিদেশে পাড়ি জমাননি, কারাভোগ করেও বিএনপিকে ভালোবেসে এলাকায় থেকেছেন এবং নেতা-কর্মীদের খোঁজখবর রেখেছেন—তাদের যাচাই-বাছাই করে মনোনয়ন দেওয়া হবে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে এমপি আবুল কালাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি, বৃক্ষরোপণ ও ডাকাতিয়া নদীতে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অংশ নেন। এর আগে তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. সফিকুর রহমান সফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সহসভাপতি মো. শরীফ হোসেন ও এস.এম. মুনসুর আলম, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও মোবারক হোসেন।

ইত্তেফাক/এএইচপি