জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না। নতুন স্বৈরাচারও আর তৈরি হতে দেবো না।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আপনার জন্য আমরা ১৬ বছর অপেক্ষা করব না, পাঁচ বছরও অপেক্ষা করব না! আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করতে যাবেন না। পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না। স্বৈরতন্ত্র কায়েম করেছেন; আর এই সংসদীয় স্বৈরতন্ত্রের মূল হোতা হচ্ছে আপনাদের এলাকার, এই চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব।
তিনি বলেন, আপনি তো কথা বলা বন্ধ করে দিয়েছেন! কথা বললে মাঝে মাঝে ভুলভাল বের হয়ে যাচ্ছে; ফলে সালাউদ্দিন সাহেবকে কথা বলতে দিয়েছেন। কিন্তু সালাউদ্দিন সাহেবের কথা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, তারেক রহমান, এই সমস্যার সংকট আপনিই তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজকে আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমেই গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন; গণভোটের গণরায় মেনে না নিয়ে গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছেন। তারপরেও আমরা, এই দেশের স্থিতিশীলতার লক্ষ্যে, সংসদে গিয়েছি এবং এখনো আছি। কিন্তু আপনি কী করছেন? বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনে কোনো বরাদ্দ দিচ্ছেন না। বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনে আপনি বিএনপির সংরক্ষিত মহিলা এমপিদেরকে দায়িত্ব দিয়েছেন; জনগণের সঙ্গে প্রতারণা করছেন, জনগণের নির্বাচিত এমপিদেরকে কাজ করতে দিচ্ছেন না এবং দেশের অন্য সকল প্রতিষ্ঠানের মতো এই সংসদকেও একটা একদলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা আজকের লংমার্চ থেকে, লংমার্চ পরবর্তী এই বীর চট্টলার মাটি থেকে বলতে চাই- বাংলাদেশকে বৈষম্যমুক্ত করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে এবং আধিপত্যবাদমুক্ত করতে হবে। আপনি জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করুন, সংস্কার নিশ্চিত করুন, গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করুন, জনগণের কর্মসংস্থান নিশ্চিত করুন; ইনশাআল্লাহ বিরোধী দল আপনাকে সহযোগিতা করবে।

