নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার কলাগাছর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা। তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলার একটি হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদ্রাসার নিয়মিত এক শিক্ষক ৪৫ দিনের প্রশিক্ষণে যাওয়ায় তার পরিবর্তে মাহবুবুর রহমানকে শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের ধর্ষণের করেন তিনি।
ঘটনার সূত্রপাত গত ২৮ আগস্ট। ওই দিন বিকেলে মাদ্রাসায় থাকা নিজের আট বছর বয়সী সন্তানকে দেখতে যান এক শিশুর মা। এ সময় শিশুটি মাকে জানায়, আগের রাতে মাদ্রাসাশিক্ষক মাহবুবুর রহমান তাকে ধর্ষণের করেছেন।
বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে শিশুটির কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। তখন সে ঘটনার কথা খুলে বলে। পরে মাদ্রাসায় থাকা আরও পাঁচ শিশুছাত্রও একই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মাহবুবুর রহমান আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগী এক শিশুর মা ৫ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা করেন।
পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে গাজীপুরের গাছা থানার কলাগাছর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু গণমাধ্যমকে বলেন, ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ছয় শিশুছাত্রকে বলাৎকারের কথা অভিযুক্ত স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

