ছোটবেলার স্বপ্ন পূরণে হজ পালনে সাইকেলে চড়ে মক্কার উদ্দেশে যাত্রা নরসিংদীর তরুণের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭

সাইকেলে চেপে ৬টি দেশ অতিক্রম করে পবিত্র হজ পালনের লক্ষ্যে এক ব্যতিক্রমী ও দুঃসাহসিক অভিযানে বের হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। তার এই অনন্য উদ্যোগ স্থানীয় জনপদে ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি করেছে।

সজিব বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে। সাইকেলে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তার এই ঐতিহাসিক সফরের মূল উদ্দেশ্য। এই দীর্ঘ যাত্রায় তাকে একে একে মোট ৬টি দেশ অতিক্রম করতে হবে।

উল্লেখ্য, এটি সজিবের প্রথম কোনো দীর্ঘ পথচলা নয়। এর আগেও তিনি সাইকেলে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করার পাশাপাশি মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দেওয়ার এক অনন্য রেকর্ড গড়েছেন।

নিজের এই যাত্রা সম্পর্কে সজিব বলেন, “ছোটবেলা থেকেই সাইকেল চালিয়ে হজে যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন লালন করছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই যাত্রা শুরু করেছি। নিরাপদে গন্তব্যে পৌঁছে যেন পবিত্র হজ সম্পন্ন করতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার জানান, বাবা হিসেবে তিনি ছেলের এই মহৎ ইচ্ছাকে সানন্দে স্বাগত জানিয়েছেন। সজিব যেন সহি-সালামতে পুরো পথ পাড়ি দিয়ে হজ শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে, সে জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই সাহসিক সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তির এটি এক দারুণ দৃষ্টান্ত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর এই দীর্ঘ সফর সফল ও নিরাপদ হোক—এই শুভকামনা রইল।

ইত্তেফাক/এএম