কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে নিহত ২৫

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪

আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে কেপ ভার্দের ফোগো দ্বীপে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

শনিবার গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়।

ইনফোরপ্রেসের খবরে বলা হয়, বাসে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণটি কোনো স্থানীয় স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়নি। বাসচালক নিজেই প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এবিএস