কঙ্গোর রাজধানী কিনশাসার লিংওয়ালা এলাকায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এক বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই রূপ নিয়েছে মর্মান্তিক ট্র্যাজেডিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বিয়েবাড়িতে। সরু গলিপথ দিয়ে বের হওয়ার চেষ্টায় অনেকেই আটকে পড়েন। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ একে অপরকে টেনে বের করার চেষ্টা চালান। রাস্তার পাশে শুইয়ে দেওয়া অনেকের মধ্যে কয়েকজনের ততক্ষণেই প্রাণ চলে যায়। শনিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।
স্থানীয় মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এগোলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উপ-প্রধানমন্ত্রী জাকামিন শাবানি একে এক বড় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন। কিনশাসার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বাড়িঘর তৈরি হয় অপরিকল্পিতভাবে। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থাও নেই। ফলে শুষ্ক মৌসুমে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

