প্রতিবেশীর নলকূপের পানি নেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬

কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রতিবেশীর নলকূপ থেকে খাবার পানি সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউসুফ আলী (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও সড়কে আছড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের নারী সদস্যসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। এর আগে একই দিন বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে ইউসুফ আলীর পুত্রবধূ কলি আক্তার ও তার ননদ দিলুয়ারা প্রতিবেশী নুরুল কাদেরের বাড়ির নলকূপে পানি আনতে যান। সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পর পানি নেওয়ার সময় নুরুল কাদেরের মেয়ে ফাহিম বাধা দেন এবং কলসিতে বালু ফেলে দেন বলে অভিযোগ। এ নিয়ে প্রতিবাদ জানালে কলি আক্তারের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন ফাহিম। চিৎকার শুনে বৃদ্ধ ইউসুফ আলী ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

প্রথম দফা হামলার পর নুরুল কাদের বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তির আশ্বাস দেন। সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে আহত ইউসুফ আলী চিকিৎসার উদ্দেশ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওয়ানা হন। তবে পথিমধ্যে নুরুল কাদের ও তার ছেলে আকাশ অতর্কিতভাবে তার গতিরোধ করে দ্বিতীয় দফায় হামলা চালায়। একপর্যায়ে ইউসুফ আলীকে পিচঢালা পাকা সড়কের ওপর সজোরে আছড়ে ফেলা হলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে।

নিহতের পুত্রবধূ কলি আক্তার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও পানি নিতে বাধা দেওয়া হয়। কলসিতে নোংরা হাত ও বালু দেওয়ার প্রতিবাদ করায় ফাহিম আমার চুলের মুঠি ধরে পেটায়। এরপর শ্বশুর এগিয়ে এলে তারা সংঘবদ্ধ হয়ে হামলা করে। পরে হাসপাতালে যাওয়ার পথে দ্বিতীয় দফায় পাকা রাস্তায় আছড়ে ফেলে আমার শ্বশুরকে হত্যা করা হয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এনএন