স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী

গোসল দেওয়ার সময় স্বামী গ্রেপ্তার

বাবার করা মামলায় তদন্ত শুরু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

রাজধানীর শেওড়াপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সানজিদা আক্তার (২০) নিহত হয়েছেন। তাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শুকরান এস এম শান্তর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, স্ত্রীকে হত্যার পর শান্ত নিজেই কুমিল্লায় থাকা শ্বশুরবাড়ির সদস্যদের ফোন করে তার মৃত্যুর খবর দেন। পরে স্বজনরা ঢাকার বাসায় এসে দেখতে পান, শান্ত নিজেই স্ত্রীর মরদেহ গোসল করাচ্ছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

গত রবিবার রাতে পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলির ৯৫১/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সানজিদার সঙ্গে শুকরান এস এম শান্তর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সন্তান না থাকা এ দম্পতি পূর্ব শেওড়াপাড়ার ঐ বাসায় ভাড়া থাকতেন।

রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত সানজিদাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তার মৃত্যু হয়। পরে শান্ত নিজেই কুমিল্লায় থাকা শ্বশুরবাড়ির লোকজনকে ফোন করে সানজিদার মৃত্যুর খবর দেন। পর দিন সোমবার সকালে নিহতের পরিবারের সদস্যরা কুমিল্লা থেকে ঢাকায় এসে ঐ বাসায় যান। সেখানে তারা দেখতে পান, সানজিদার মরদেহ স্বামী শান্ত নিজেই গোসল করাচ্ছেন। বিষয়টি পুলিশকে জানানো হলে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সময় অভিযুক্ত স্বামী শুকরান এস এম শান্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। নিহত সানজিদা আক্তার কুমিল্লার দক্ষিণ ভঙ্গুর উপজেলার হিরাপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। পুলিশ জানিয়েছে, শান্ত বেকার ছিলেন। তাদের কোনো সন্তান ছিল না।

ইত্তেফাক/এনএন