রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পের সামনে এবার ব্যালন ডি'অর জয়ের সবচেয়ে বড় সুযোগ কি না, সেই প্রশ্ন উঠতেই পারে । প্রশ্নটি এবার শুধু সম্ভাবনার নয় । বিশ্বকাপে একের পর এক ইতিহাস লেখা, ব্যক্তিগত গোলের অসাধারণ রেকর্ড এবং রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স মিলিয়ে নিজের দাবিটা শক্ত করেছেন ফ্রান্সের অধিনায়ক।
এমবাপ্পেও মনে করছেন, এবার সময়টা তার পক্ষে যেতে পারে। তার ভাষায়, এই গ্রীষ্মে তিনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অনেক ইতিহাস তৈরি করেছেন । তাই এবার ব্যালন ডি'অর জেতার জন্য ভালো একটি বছর হতে পারে।
২৭ বছর বয়সি এমবাপ্পের গত মৌসুমটিও ছিল অসাধারণ। ২০২৫- ২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল। লা লিগায় ২৫ গোল করে জিতেছেন পিচিচি ট্রফি । চ্যাম্পিয়ন্স লিগেও ১৫ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তবে ব্যক্তিগত সাফল্যের এত কিছু থাকলেও দল হিসেবে রিয়াল মাদ্রিদের মৌসুমটি প্রত্যাশামতো সফল হয়নি। বড় কোনো ট্রফি জিততে পারেনি তারা।
এরপর আসে বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। টুর্নামেন্টে তার গোলসংখ্যা ছাড়িয়েছে দুই অঙ্ক। আর সব বিশ্বকাপ মিলিয়ে তার গোল এখন ২২টি। এই রেকর্ড তাকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা করেছে। ২০১৮ সালে চারটি, ২০২২ সালে আটটি এবং ২০২৬ সালে ১০টি গোল করেছেন তিনি । তিন বিশ্বকাপে মোট ২২ ম্যাচে ২২ গোল ।
ব্যালন ডি'অর নিয়ে নিজের অবস্থান নিয়েও এমবাপ্পে কোনো রাখঢাক রাখেননি । তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি নিজেকেই কি বিশ্বের সেরা খেলোয়াড় মনে করেন? উত্তরে তার স্বভাবসুলভ আত্মবিশ্বাস, ‘সবসময়।' তবে একই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, এটি ব্যক্তিগত মতের বিষয়। কেউ তাকে সেরা মনে করতে পারেন। কেউ নাও করতে পারেন । সবার একই মত হওয়া জরুরি নয় । আর শেষ সিদ্ধান্ত তার হাতে নেই । ভোট দেবেন সাংবাদিকরা।

