পাকিস্তানে সাফ গেমসে খেলতে রাজি ভারত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮

আগামী বছরে ৪ এপ্রিল থেকে শুরু হবে সাফ গেমস। এটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি শহরে। মোট ইভেন্ট সংখ্যা ২৮টি। এই আসরে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে ভারত। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।  

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের বৈঠকে আসন্ন ২০২৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে ভারত। এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে এই আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতাটি আবার ফিরতে যাচ্ছে।

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সাধারণ সম্পাদক খালিদ মেহমুদ জানান, ভারত নীতিগতভাবে অংশগ্রহণে সম্মতি দিয়েছে এবং তাদের খেলোয়াড় ও কর্মকর্তা দলের বিস্তারিত তথ্য ২০২৭ সালের জানুয়ারিতে প্রদান করবে।

সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে নবম এসএএফ গেমসের আয়োজন করেছিল পাকিস্তান। দীর্ঘ দুই দশক পর এই প্রতিযোগিতার সফল ও নিরাপদ আয়োজনের জন্য দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার নিরাপত্তা ও প্রস্তুতি মূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ