বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। গতকাল ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলা চালায় বিতাড়িত ও আওয়ামী লীগের কর্মীরা।

ঘটনার পরপরই পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান হুমায়ুন কবির। তিনি বলেন, ইতালির পুলিশকে বিষয়টি অবহিত করা এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবার বিকেলের মধ্যে স্থানীয় পুলিশও ঘটনাটিতে সক্রিয়ভাবে সাড়া দিয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে অবস্থিত কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। এরপর বাংলাদেশ দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে।

ইত্তেফাক/এসজেএস