বোয়িংয়ের উড়োজাহাজ কেনার কারণ জানালেন তথ্য উপদেষ্টা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে কেনাকাটার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই ব্যাখ্যা দেন।

এর আগে, গত ৩১ অগাস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনছে এবং আরও উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের উড়োজাহাজও কেনা হবে।

বোয়িং থেকে এতগুলো উড়োজাহাজ কিনলে অর্থনীতিতে সেটির চাপ পড়ার শঙ্কা আছে কি না-এ প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার খুবই খারাপ অর্থনীতি হাতে পেয়েছে, এটা ভুল না। এটা হলো এক। দুই হচ্ছে, যে বোয়িং কেনার কথা হচ্ছে, এই বোয়িংগুলোর পেমেন্ট এখন থেকে ধাপে ধাপে অনেক দিন পর্যন্ত এই পেমেন্ট হতে থাকবে এবং এই বোয়িংগুলো হাতে পাওয়া আমাদের জন্য লম্বা সময়ের ব্যাপার।

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার তাৎক্ষণিক কোনো প্রভাব নেই জানিয়ে ডা. জাহেদ বলেন, আমরা কেউ যদি মনে করছি যে, আমাকে এক্ষুণি বা খুব অল্প সময়ের মধ্যে অনেক টাকা দিয়ে দিতে হবে, ব্যাপারটা মোটেই তা না। একটা রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী চলবে। রাষ্ট্র তার ক্রাইসিস থাকলেও তার কিছু কিছু প্রয়োজন সে মেটাবে। সুতরাং নতুন যে বোয়িংয়ের অর্ডার রয়েছে, এটার কোনো ইমিডিয়েট এফেক্ট নাই।

ডা. জাহেদ উর রহমান বলেন, অভিনেত্রী বাঁধনের ওপর হামলার মাধ্যমে নিজেদের চরিত্র উন্মোচন করেছে আওয়ামী লীগ। এ ব্যাপারে ওই দেশে আইননানুগ ব্যবস্থা যা নেওয়ার, সরকার তার প্রসেস শুরু করেছে। এ ঘটনাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।

 

 

ইত্তেফাক/এনটিএম