বন্ধুর সঙ্গে মুখে কোনো পণ্যের কথা বলার কিছুক্ষণ পরই ফেসবুক বা ইনস্টাগ্রামে সেই পণ্যের বিজ্ঞাপন দেখে অনেকেই অবাক হন। ব্যবহারকারীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—তবে কি মুঠোফোনের মাইক্রোফোনের মাধ্যমে ব্যক্তিগত কথোপকথন শুনছে ফেসবুক?
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের সন্দেহ দীর্ঘদিনের হলেও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার দাবি, বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহারকারীর মাইক্রোফোনে কখনোই আড়ি পাতা হয় না। বরং ব্যবহারকারীর বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ড থেকে পাওয়া বিপুল পরিমাণ তথ্য ও এআই বিশ্লেষণ করেই সম্ভাব্য আগ্রহ অনুমান করা হয়।
ব্যক্তিগত কথার সঙ্গে বিজ্ঞাপনের মিল যেভাবে হয়:
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সরাসরি কথা শোনার প্রয়োজন হয় না; কারণ মেটা ব্যবহারকারীর ওপর অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তৃত নজরদারি চালায়। ফেসবুকে কী পছন্দ করছেন, কোন পোস্টে লাইক বা মন্তব্য করছেন, কাকে ট্যাগ করছেন, লোকেশন কোথায়, কোন ভিডিও দেখছেন কিংবা অন্য কোনো ওয়েবসাইটে ফেইসবুক দিয়ে লগইন করছেন— এসব তথ্য এক জায়গায় করে অ্যালগরিদম। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর সম্ভাব্য আগ্রহ বা উদ্দেশ্য এমন নিখুঁতভাবে অনুমান করে, যা অনেক সময় বাস্তব কথোপকথনের সঙ্গে হুবহু মিলে যায়।
নজরদারি ও তথ্য সংগ্রহের প্রধান উৎসগুলো:
-
যোগাযোগ ও সোশ্যাল মিডিয়ার তথ্য (পোস্ট, লাইক, মন্তব্য ও গ্রুপে যুক্ত হওয়া)
-
ছবি, ভিডিও এবং বিভিন্ন কনটেন্ট দেখার সময়সীমা
-
হ্যাশট্যাগ, চেক-ইন ও লোকেশন বা ইন্টারনেট সংযোগের ডেটা
-
অন্য কোনো ওয়েবসাইটে ফেসবুক দিয়ে লগইন বা কেনাকাটার তথ্য
যেভাবে ট্র্যাকিং বা নজরদারি কিছুটা কমাবেন:
বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করা না গেলেও কিছু পদক্ষেপের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের ওপর বিজ্ঞাপনদাতাদের নির্ভরতা কমানো সম্ভব:
-
ফোনের সেটিংস থেকে ফেসবুক অ্যাপের লোকেশন ব্যবহারের অনুমতি সীমিত বা বন্ধ করা (আইফোনে ‘লোকেশন’ থেকে ‘নেভার’ এবং অ্যান্ড্রয়েডে লোকেশন অ্যাক্সেস বন্ধ করা)।
-
ফেসবুকের নিজস্ব ‘সেটিংস’ থেকে ‘অ্যাডস’ (Ads) বিভাগে গিয়ে বিজ্ঞাপন দেখানোর পদ্ধতি নিয়ন্ত্রণ করা।
-
অংশীদারদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানোর অপশন সীমিত করা।
দিনশেষে, ব্যক্তিগত আলাপের পর নির্দিষ্ট বিজ্ঞাপন সামনে আসা মানেই ফেইসবুক মাইক্রোফোন ব্যবহার করছে—এমন কোনো প্রমাণ নেই। বহুমুখী ডিজিটাল আচরণের নিখুঁত পূর্বাভাসের ফলেই এমনটি ঘটে থাকে, যা সেটিংস পরিবর্তনের মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

