টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

