দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৯

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা ও তারেক চৌকিদার হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ডেমরা জোনের উপপরিদর্শক নাজিম উদ্দিন ফকির আদালতে দেওয়া আবেদনে বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে নাইম হাওলাদার বাম কাঁধের সামনের দিকে গুলিবিদ্ধ হন।

আশঙ্কাজনক অবস্থায় নাইমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিনই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় বাসার ছাদে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী তারেক চৌকিদার। এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় আ স ম ফিরোজের যোগসাজশের অভিযোগও রয়েছে বলে আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা বলেন, আ স ম ফিরোজ বর্তমানে যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। নাইম হত্যা মামলার রহস্য উদঘাটন, অন্য আসামিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা প্রয়োজন।

আবেদনের শুনানি শেষে আদালত আ স ম ফিরোজকে নাইম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ইত্তেফাক/এসজে