সেন্টার পয়েন্টের ফুডকোর্টে আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬

রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছয়তলা ভবনের পাঁচতলায় থাকা ফুডকোর্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এদিন দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জানা যায়, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাশাপাশি আগুনে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এছাড়াও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

ইত্তেফাক/এনটিএম