ভিডিও ভাইরাল

দলবল নিয়ে ছুরিতে শান দিচ্ছিলেন ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৯

নাটোরের বড়াইগ্রামে দলবল নিয়ে দেশীয় অস্ত্রে শান (ধার) দেওয়ার ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় আলোচনায় আসা সাব্বাব হক সাবু জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

তবে ভিডিও ভাইরালের পর স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও সংগঠনে তার কোনো পদ-পদবী নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ঘরে বসে হাঁসুয়া, রাম দা ও ছুরি ধার (শান) দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ১৪ সেকেন্ডের এ ভিডিওতে উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাব্বাব হক সাবুসহ তার কয়েকজন সহযোগীকে এসব অস্ত্র ধার দেওয়ার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। তাদের পেছনে খাটে দুটি হকিস্টিকও দেখা গেছে গেছে। পরে গত দুই দিনে ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সাব্বাব হক সাবুর হাতে একটি বড় ছুরি রয়েছে। তারা সবাই নিজ নিজ হাতে থাকা অস্ত্রগুলো ধার দিচ্ছেন। এছাড়া সেখানে থাকা অন্য চারজন সাব্বাব হক সাবুর বিশ্বস্ত সহযোগী বলে জানা গেছে।

এই ঘটনায় আলোচনায় আসা সাবু চৌমুহন গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

ঘটনার পর থেকে সাব্বাব হক সাবু নিরুদ্দেশ থাকা এবং তার ব্যবহৃত মুঠোফোন নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সাবুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ভিডিও ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন সাবুর বাবা ফরহাদ হোসেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, ভিডিওটি আমিও দেখেছি। সে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও আমার জানা মতে বিএনপি বা কোনো অঙ্গসংগঠনে তার কোনো পদ-পদবী নেই।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি