পটুয়াখালীর গলাচিপা পৌরসভার খেয়াঘাট এলাকায় বোরাক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন রিকশাচালকরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) গলাচিপা থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় পৌর এলাকার রিকশাচালকদের পক্ষে মো. রুবেল খান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহনকে কেন্দ্র করে রিকশাচালক ও বোরাক-মোটরসাইকেল চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগে রিকশাচালকরা বলেন, তারা দীর্ঘদিন ধরে নিয়মিত ট্যাক্স পরিশোধ করে যাত্রী পরিবহন করে আসছেন। কিন্তু বোরাক ও মোটরসাইকেল চালকদের কারণে তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে রিকশায় যাত্রী তুলতে বাধা দেওয়া, জোরপূর্বক স্ট্যান্ডের জায়গা দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগী রিকশাচালকদের দাবি, রিকশা চালানোই তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। কিন্তু নির্ধারিত স্থান না থাকায় তারা সঠিকভাবে রিকশা দাঁড় করাতে পারছেন না। এর ফলে আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।
রিকশাচালকরা খেয়াঘাট এলাকায় তাদের জন্য নির্ধারিত স্ট্যান্ডের ব্যবস্থা, যাত্রী পরিবহনে বাধা বন্ধ এবং নিরাপদে রিকশা চালানোর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, রিকশাচালকদের অভিযোগ আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

