সংসদে রুমিন ফারহানা

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’একই সঙ্গে বিএনপি আমলে দুর্নীতি ও ঋণখেলাপির সমালোচনা করেন তিনি।

এ সময় সংসদে উত্তেজনা তৈরি হলে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’ আওয়ামী লীগের আমলে তার বক্তব্যের সময়ও হট্টগোল হতো উল্লেখ করে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

রুমিন ফারহানা আরও বলেন, ব্যাংক রেজল্যুশন বিলে ১৮-এর ‘ক’ ধারা রাখা হয়েছে। তার দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতে যাওয়ার প্রবণতা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।

বক্তব্যের শেষ দিকে তিনি ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তুলে ধরলে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়।

 

ইত্তেফাক/এসএ