সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে পরিত্যক্ত অস্ত্র ও গোলাবারুদের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সংঘাতের সময় ব্যবহৃত ও পরে পরিত্যক্ত অস্ত্র এবং গোলাবারুদ ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। এগুলো নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় কয়েকজন কর্মী আহত হন।

তবে কী কারণে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। মূল বিস্ফোরণের পরও সেখানে ছোট ছোট বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। কয়েক ঘণ্টা ধরে ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। পাশাপাশি একাধিক ছোট বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ইদলিবের স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সুভহি আসাফ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের বেশির ভাগের আঘাত হালকা থেকে মাঝারি মাত্রার।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আরও ঝুঁকি এড়াতে সড়কগুলোতে সাময়িকভাবে চলাচল বন্ধ করে দিয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।

দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ছড়িয়ে থাকা সিরিয়ায় পরিত্যক্ত যুদ্ধাস্ত্র থেকে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।

সূত্র: এএফপি

ইত্তেফাক/এবিএস