অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৫

কক্সবাজার সদরে সেবা ও পণ্যে ভোক্তা-অধিকার লঙ্ঘনের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, গ্রাহকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাবাজার এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মূল্যতালিকায় প্রদর্শিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার দায়ে ‘আল-শিফা ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গ্রাহককে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ‘এ বি চৌধুরী ট্রেডার্স’ নামের অপর একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে ওই এলাকার মুরগি ও মাংসের দোকান এবং মুদি দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুত রোধ এবং সঠিক ওজন নিশ্চিতকরণে নিবিড় তদারকি চালানো হয়। একই সঙ্গে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক ও সচেতন করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বাজারে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে জেলাজুড়ে এ ধরনের নিয়মিত তদারকি অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এনএন