সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নেওয়ার তৃতীয় দিনে ৩৮১ কোটি টাকা তুলে নিয়েছেন ১০ হাজার ৬৯৭ জন গ্রাহক। বুধবার (৯ সেপ্টেম্বর) এসব গ্রাহকের জমাকৃত অর্থ ছাড় করা হয়। একই সময়ে ব্যাংকে নিয়মিত লেনদেন ও নতুন আমানত জমার ধারাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর আমানত ফেরতের জন্য ২১ হাজার ৮৬ জন গ্রাহক মোট ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন জমা দিয়েছিলেন। সেই আবেদনের বিপরীতে যাচাই-বাছাই শেষে বুধবার তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহককে ৩৮১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা তোলার আবেদন গ্রহণ শুরু করে ব্যাংকটি। ওইদিন ১৮ হাজার ৪৬ জন গ্রাহক মোট ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে অর্থ ছাড়ের প্রথম দিন অর্থাৎ ৭ সেপ্টেম্বর ৮ হাজার ১২৫ জন গ্রাহকের মাঝে ৩১৯ কোটি টাকা পরিশোধ করা হয়। ওইদিন ক্যাশ কাউন্টারে ৯৩ কোটি টাকা এবং আরটিজিএস, বিএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ৫১ কোটি টাকাসহ মোট ১৪১ কোটি টাকার নতুন অর্থপ্রবাহ তৈরি হয় এবং দিনটিতে মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।

পরবর্তীতে ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩ জন গ্রাহকের করা ১ হাজার ১৬ কোটি টাকার উত্তোলনের আবেদনের বিপরীতে দ্বিতীয় দিন (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ২৩৪ জন গ্রাহককে ৩৪০ কোটি টাকা ফেরত দেওয়া হয়। ওইদিন ক্যাশে ৯০ কোটি টাকা এবং ইলেকট্রনিক মাধ্যমে ১০৫ কোটি টাকাসহ সর্বমোট ১৯৫ কোটি টাকা ব্যাংকে জমা হয়, যেখানে সম্পন্ন হয়েছিল ১৬ হাজার ৫০টি লেনদেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার জানান, গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে আমানতের অর্থ পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকের সার্বিক অর্থপ্রবাহ এবং ব্যক্তিগত হিসাবগুলোতে স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

ইত্তেফাক/এনএন