যমুনা সেতুর মাঝামাঝি অংশে একটি প্রাইভেটকারের সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উত্তরবঙ্গমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সেতুর ওই লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর ওপর একটি পণ্যবাহী ট্রাকের সামনে দিয়ে যাচ্ছিল জমি চাষ ও মাড়াইয়ের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটিকে অতিক্রম (ওভারটেক) করার চেষ্টা করে। ঠিক তখনই সামনে থাকা ট্রাক্টরটি দিক পরিবর্তনের চেষ্টা করলে প্রাইভেটকারটির সঙ্গে সজোরে সংঘর্ষ ঘটে। সেতুটিতে উত্তরবঙ্গ ও ঢাকামুখী চলাচলের জন্য একটি করে লেন নির্ধারিত থাকায় এ ঘটনার পর উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেতুর নিরাপত্তা ও উদ্ধারকারী দল তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি দ্রুত সরিয়ে নিয়ে লেনে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
তবে এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হলে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

