মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বাণিজ্যিক জাহাজে হামলা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে উঠে শক্ত অবস্থানে রয়েছে। ৬ মাস ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের মধ্যে জাহাজ চলাচলে সাম্প্রতিক হামলার কারণে ব্যবসায়ীরা তেল সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে।
মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি না আসার কারণে বিশ্বজুড়ে তেলের মজুত কমে যাওয়ার প্রেক্ষিতে মার্কিন শক্তি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের তেলের মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা বৃদ্ধি করেছে। সংস্থাটি জানায়, তারা এ বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেল প্রতি প্রায় ৯১ ডলার আশা করছে, যা তাদের পূর্ববর্তী অনুমানের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।
একই সঙ্গে চলতি বছরে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের গড় মূল্য ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের হিসাবের চেয়ে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। তবে ইআইএর এই প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম উত্তেজনা শুরুর আগে ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা

