কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০

গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জীবন ওরফে দুখু মিয়াকে (৩৬) কিশোরগঞ্জের ভৈরব থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছে।

জীবন ওরফে দুখু মিয়া ভৈরব পৌর শহরের মালগুদাম বস্তিতলা এলাকার দুদু মিয়ার ছেলে।

প্রায় ২৫ মাস আত্মগোপনে থাকার পর বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান জীবন। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে রেলওয়ের চট্টগ্রাম ও জামালপুর রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যাবজ্জীবন ও আমৃত্যু কারাদণ্ডের সাজাও রয়েছে।

গতকাল ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজার দিকনির্দেশনায় এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় জীবন ওরফে দুখু মিয়া। এরপর দীর্ঘ সময় দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ যাবজ্জীবন ও আমৃত্যু কারাদণ্ডের সাজা রয়েছে।

এসময় গ্রেপ্তারের পর গতকাল বিকেল ৫টার দিকে জীবন ওরফে দুখু মিয়াকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

 

 

ইত্তেফাক/এনটিএম