প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ নারী হলে রেফ্রিজারেটর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ নারী হলের  শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পাঁচটি রেফ্রিজারেটর পাঠিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক তার এক সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হল- দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বিজয় চব্বিশ হল, প্রীতিলতা হল, নওয়াব ফয়জুননেছা হল এবং শামসুন্নাহার হলে একটি করে ফ্রিজ দেওয়া হয়েছে।

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভাইয়ের সহযোগিতায় চবির নারী শিক্ষার্থীদের ৫টি হলে ডিপ ফ্রিজ দেওয়া হবে। ফ্রিজগুলো পৌঁছেছে। নারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভাইকে জানিয়েছিলাম। তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেন।’

জানা যায়, চবির নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসব ডিপ ফ্রিজ ব্যবহার করা হবে। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

চাকসুর এজিএস বলেন, ‘দীর্ঘদিন ধরেই ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের খাবার সংরক্ষণে ভোগান্তি ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হতে চলেছে। শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।’

 

 

 

 

ইত্তেফাক/এনটিএম