ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হারেৎজ পত্রিকার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। পত্রিকাটি এক প্রতিবেদনে দাবি করেছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার কয়েকদিন আগে হামাসের আক্রমণের পরিকল্পনা নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু এই প্রতিবেদনকে ‘বানোয়াট’ ও ‘মিথ্যা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, হারেৎজ এবং প্রতিবেদনের লেখক শ্লোমি এলদার ও রুথ ইয়াভালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন তিনি তার আইনজীবীদের।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ৭ অক্টোবরের ঘটনার ১০ দিন আগে হামাসের সম্ভাব্য হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। ওই দিন ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে অন্তত ১ হাজার ১৯৫ জনকে হত্যা করে এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর ইসরায়েল গাজায় যে যুদ্ধ শুরু করে, তাতে অন্তত ৭৩ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হারেৎজের দাবি, এমবিজেড নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হুমকির কথা জানান। বন্দীবিনিময় আলোচনা আটকে থাকা এবং গাজা অবরোধ অব্যাহত রাখায় ক্ষুব্ধ সিনওয়ার এক মধ্যস্থতাকারীর মাধ্যমে আমিরাতকে জানিয়েছিলেন, তিনি এক ‘বিশাল চমক’ প্রস্তুত করছেন এবং ইসরায়েলকে ‘ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে’ বলতে বলেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এমবিজেড ও তার সহযোগীরা এটাকে পূর্ণমাত্রার হামলার ইঙ্গিত হিসেবে দেখে তথ্যটি শিন বেতের কাছে পাঠান। কিন্তু ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি।

