‎বাংলাদেশ দলে কাটছাঁট শুরু, ৬ ফুটবলারকে বাদ দিলেন ডুলি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৭

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি। এই ২৮ ফুটবলারকে নিয়ে অনুশীলন করছেন তিনি। কয়েক দিনের অনুশীলন শেষে ৬ ফুটবলারকে বাদ দিয়েছেন ডুলি।

প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ছয় ফুটবলার হলেন—ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন।

বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি

এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।’ 

ইসা ফয়সাল বাংলাদেশের পরীক্ষিত ফুলব্যাক। হ্যাভিয়ের ক্যাবরেরার সুনজরে না থাকায় বছর খানেকের বেশি সময় তিনি জাতীয় দলে ছিলেন না। থমাস ডুলির বাংলাদেশ দলের অভিষেক ম্যাচে সান মারিনোর বিপক্ষে একাদশে ছিলেন ইসা। সেই ইসা এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে ঠাঁই পেলেন না।

‎আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

‎২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১ অক্টোবর, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায়, শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

ইত্তেফাক/জেডএইচ