র‍্যাবের মতো সংগঠন দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র‍্যাবের মতো একটি বাহিনী অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, এ ধরনের বাহিনীর কার্যক্রম দক্ষতা, শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, বিরোধী দলের সদস্যরা গত ১৫ বছরের দুঃশাসন ও পতিত সরকারের সময়ে র‍্যাবের ভূমিকার বিষয়টি সামনে থেকে দেখছেন। তবে এর আগে র‍্যাব যখন কার্যকরভাবে কাজ করেছে, সেই সময়ের বিষয়গুলোও মনে রাখা প্রয়োজন।

তিনি বলেন, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার পর শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাব কাজ করেছে। র‍্যাবের বিভিন্ন সফল অভিযানের পর বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণও করা হয়েছিল। সেই বিষয়গুলো হয়তো সম্মানিত বিরোধী দলের সদস্যরা ভুলে গেছেন।

তিনি বলেন, ‘র‍্যাবের মতো একটা সংগঠন এই দেশের অত্যন্ত প্রয়োজন। এই কারণে প্রয়োজন অত্যন্ত দক্ষতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে র‍্যাবের কার্যক্রম পরিচালনা করা। সেই সময়কালে তখনকার প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, এবং তার নির্দেশে কোনো রাজনৈতিকভাবে র‍্যাবকে পরিচালিত করা হয়নি।’

র‍্যাব পরিবর্তনের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে বেশ কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যখন কথা হয়েছিল, উনি তখন বলেছিলেন র‍্যাবকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমি উনার সঙ্গে অনেকক্ষণ আর্গুমেন্ট করেছিলাম যে পরিবর্তন করাটা ঠিক হবে না। পরবর্তীতে আমার সঙ্গে উনার কথা হয়নি। কিন্তু আমি বুঝি, র‍্যাবের মতো একটা সংগঠন দরকার।’

র‍্যাবের পরিবর্তে এসআরবি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাবর বলেন, ‘হয়তো র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে যে সংগঠনটা আসছে, সেটা প্রয়োজন। কারণ এখনো বিভিন্ন বোমা হামলা হচ্ছে। বিভিন্ন বোমা আসছে। আপনারা দেখছেন, আমাদের পার্শ্ববর্তী যেকোনো একটি দেশ বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং অতীতেও করেছিল। এই কারণে র‍্যাবের মতো একটা সংগঠন প্রয়োজন।’

 
ইত্তেফাক/এমএসআর