২০১৬-১৭ মৌসুমের ট্রফি টটেনহ্যামকে দেওয়ার দাবি পচেত্তিনোর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০

আর্থিক নিয়ম ভঙ্গের কারণে চেলসিকে শাস্তির মুখোমুখি হতে হওয়ার পর ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা টটেনহ্যাম হটস্পারকে দেওয়ার দাবি তুলেছেন ক্লাবটির সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো। ওই মৌসুমে দ্বিতীয় স্থানে ছিল টটেনহ্যাম।

২০২২ সালে চেলসির মালিকানা বদলের পর ক্লাবটি জানায়, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন দলবদলে গোপন লেনদেন ও অঘোষিত অর্থ দেওয়া হয়েছে। এর ফলে নিয়ম ভঙ্গের পর চেলসিকে ১০.৭৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়।

এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান ও টটেনহ্যামের তৎকালীন কোচ পচেত্তিনো বলেন, ‘আমাদের অন্তত একটি প্রিমিয়ার লিগ ট্রফি পাওয়া উচিত। যেহেতু চেলসি নিয়ম ভঙ্গের কথা স্বীকার করেছে, তাই সেই শিরোপা দ্বিতীয় হওয়া দলের পাওনা।’

তিনি আরও জানান, সমান ও ন্যায্য নিয়মে লড়াই হলে ফলাফল ভিন্ন হতে পারত এবং টটেনহ্যামও হয়তো দল আরও শক্তিশালী করার সুযোগ পেত।

তবে প্রিমিয়ার লিগের তদন্তে জানানো হয়েছে- যদি তৎকালীন সময়েও এই আর্থিক লেনদেনগুলো হিসাবের মধ্যে রাখা হতো, তাহলেও চেলসি তাদের নির্ধারিত ব্যয়সীমা অতিক্রম করত না। ফলে পয়েন্ট কাটার মতো কোনো শাস্তির সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

ইত্তেফাক/জেডএইচ