দিল্লিতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩

ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে শহরটি। ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই বড় মাপের কূটনৈতিক সম্মেলনে ভারত সভাপতিত্ব করছে। তাই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশীদার দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানাবেন।

ভারত মণ্ডপমে মূল সম্মেলন অনুষ্ঠিত হলেও সম্মেলনের আগে নেপথ্যের বড় চমক ও ব্যস্ততা দেখা যাচ্ছে দিল্লির বিলাসবহুল হোটেলগুলোতে। আগত বিশ্বনেতা ও প্রতিনিধিদের জন্য ভারতের ঐতিহ্যবাহী আতিথেয়তার পাশাপাশি বৈচিত্র্যময় রন্ধনশৈলী তুলে ধরতে বিশেষ সব আয়োজন হাতে নিয়েছে দ্য লিলা প্যালেস, তাজমহল ও দ্য ললিতের মতো তারকাখচিত হোটেলগুলো।

তাজমহল, নয়াদিল্লি

তাজমহল হোটেলটি আগত ব্রিকস প্রতিনিধিদের জন্য ‘ট্র্যাডিশন টু টেবিল’ শীর্ষক বিশেষ রন্ধনসামগ্রী উপস্থাপন করতে যাচ্ছে। শেফদের নিজেদের মায়েদের কাছ থেকে শেখা রেসিপি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই পদগুলো ভারতের আন্তরিক আতিথেয়তার ঐতিহ্য বহন করে। এর মধ্যে ভারতের ৬টি অঞ্চলের ঐতিহ্যবাহী মুখরোচক খাবার অন্তর্ভুক্ত করা হয়েছে—যেমন কাশ্মীরের মশলাযুক্ত আখরোট, পুরানি দিল্লির ময়দা কাজু, মহারাষ্ট্রের বাকরবাড়ি, রাজস্থানের মিনি কচুরি, বাংলার কুচো নিমকি এবং তামিলনাড়ুর মুচমুচে মুরুক্কু।

দ্য লিলা প্যালেস, নতুন দিল্লি

হোটেলটি তাদের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে প্রতিনিধি দলকে স্বাগত জানাতে তৈরি করেছে একটি বিশেষ ভোজ্য হস্তনির্মিত পদ্মফুল। ভারতের জাতীয় ফুল এবং ব্রিকস ইন্ডিয়া ২০২৬-এর প্রতীকের সমন্বয়ে গোলাপি গোলাপ, জাফরান ও এলাচ এবং বিভিন্ন দেশীয় ফলের নির্যাস দিয়ে এটি তৈরি করা হয়েছে। এ ছাড়া দ্য লিলার বিশেষ মিলেট (কখনও 'বাজরা' বা ক্ষুদ্র শস্য) কুকিজ, হাতে তৈরি গ্রানোলা বার এবং ভেষজ পানীয় তাঁদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে।

দ্য ললিত, নয়াদিল্লি

দ্য ললিত হোটেল আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক পদের মেলবন্ধনে বিশেষ মেনু সাজিয়েছে। প্রথাগত খাবারের পাশাপাশি এখানে স্থান পেয়েছে গালৌটি কাবাব, তন্দুরি রুটি এবং স্বাস্থ্যকর মিলেটের বিশেষ পদ। আন্তর্জাতিক অতিথিদের রুচির কথা মাথায় রেখে শেফরা বিশেষ কিছু পদ যোগ করেছেন— যেমন ব্রেইজড এগপ্ল্যান্ট উইথ মিসো পেস্ট, সিমার্ড চাইনিজ ক্যাবেজ এবং জাপানি স্টাইলের কিডনি বিন সুইট উইথ অ্যাম্বার সস।

এসব আয়োজনের মাধ্যমে ভারতীয় আতিথেয়তা ও বিভিন্ন দেশের খাদ্যসংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরতে চায় হোটেলগুলো।

সূত্র- এনডিটিভি

ইত্তেফাক/এমএসআর