বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বর্তমানে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার জন এবং বেকার ২৬ লাখ ২০ হাজার জন। দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সরকারি দলের সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিবিএস পরিচালিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭১ দশমিক ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার জন। এর মধ্যে ৬৯ দশমিক ০৯ মিলিয়ন বা ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার মানুষ কর্মে নিয়োজিত রয়েছেন।
তিনি জানান, কর্মসংস্থানের প্রধান খাতগুলোর মধ্যে কৃষিতে নিয়োজিত রয়েছেন ৩০ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩ কোটি ৮ লাখ ৭০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৪৪ দশমিক ৬৭ শতাংশ। শিল্প খাতে নিয়োজিত রয়েছেন ১২ দশমিক ০০ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ জন, যা ১৭ দশমিক ৩৭ শতাংশ। আর সেবা খাতে নিয়োজিত রয়েছেন ২৬ দশমিক ২২ মিলিয়ন বা ২ কোটি ৬২ লাখ ২০ হাজার জন, যা মোট কর্মসংস্থানের ৩৭ দশমিক ৯৬ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী ২০২৪ সালে শহর এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন বা ১ কোটি ৮৭ লাখ ৪০ হাজার জন। এরমধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ১৭ দশমিক ৯২ মিলিয়ন বা ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার জন।
অন্যদিকে, পল্লি এলাকায় মোট শ্রমশক্তির সংখ্যা ছিল ৫২ দশমিক ৯৭ মিলিয়ন বা ৫ কোটি ২৯ লাখ ৭০ হাজার জন। এরমধ্যে কর্মে নিয়োজিত ছিলেন ৫১ দশমিক ১৭ মিলিয়ন বা ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার জন।
তিনি আরও জানান, ২০২৪ সালে শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৫০ দশমিক ৪ মিলিয়ন বা ৫ কোটি ৪ হাজার জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১২ দশমিক ০৩ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ ৩০ হাজার এবং নারীর সংখ্যা ৩৮ দশমিক ০১ মিলিয়ন বা ৩ কোটি ৮০ লাখ ১০ হাজার।

