মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯

মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার একটি স্বাভাবিক বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এই মন্তব্য করেন।

ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে বলে উল্লেখ করেন তিনি। দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদ নেতা ইতিপূর্বেই গলাগালির সংস্কৃতি পরিহার করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং তিনি আশা করেন যে আগামী অধিবেশনসমূহে সব সংসদ সদস্য সংসদীয় রীতিনীতি ও ঐতিহ্য যথাযথভাবে অনুসরণ করবেন।

গত ২৭ আগস্ট শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটি মোট ৯ কার্যদিবস চলার পর বৃহস্পতিবার শেষ হয়। সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সমাপনী বক্তব্য দেন। এরপর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অধিবেশন সমাপনীসংক্রান্ত আদেশ পাঠ করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।

৯ কার্যদিবসের এই সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ অধিবেশনে আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রমে বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে। অধিবেশন চলাকালে মোট ৬টি বিল উপস্থাপিত হয় এবং এর সবগুলোই পাস হয়। পাশাপাশি আইন প্রণয়নের কাজ ছাড়াও ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।

সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ প্রদান করেন। এর মধ্যে ৬৮ বিধিতে প্রাপ্ত ৭টি নোটিশের মধ্যে ২টি গৃহীত ও আলোচিত হয়। এছাড়া ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয়ে তার মধ্যে ১৪টির ওপর আলোচনা হয় এবং ৭১–ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। ১৪৭ বিধিতে দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ জমা পড়লে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দেন। অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীরা মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের জবাব প্রদান করেন।

ইত্তেফাক/এএম