নিউইয়র্কে স্মরণ অনুষ্ঠান, যোগ দেবেন না ট্রাম্প

ভয়াল ৯/১১ হামলার ২৫ বছর আজ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১১

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এদিনের আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

নিউইয়র্কের পরিবর্তে ভার্জিনিয়ার পেন্টাগনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন ট্রাম্প। ২০০১ সালের ওই হামলায় ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমানের মধ্যে দুটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। সেদিন মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন।

লোয়ার ম্যানহাটনের ‘গ্রাউন্ড জিরোতে’ আয়োজিত স্মরণ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি ট্রাম্পের আগে দায়িত্ব পালন করা চার জীবিত প্রেসিডেন্ট—জর্জ ডব্লিউ বুশ, জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটনের উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে কোনো বক্তৃতা থাকবে না। নিহতদের পরিবারের সদস্যরা একে একে সব নিহতের নাম পাঠ করবেন। পাশাপাশি হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো স্মরণ করে ঘণ্টা বাজানো হবে।

৯/১১-এর পর বিষাক্ত বাতাসের নথি প্রকাশ

৯/১১ হামলার পর লোয়ার ম্যানহাটনে বাতাসে বিষাক্ত পদার্থের মাত্রা সম্পর্কে নগর কর্তৃপক্ষ কী জানত, সে বিষয়ে সম্প্রতি হাজার হাজার নথি প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র মামদানি।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবন ধসে পড়ার পর ধুলোর মেঘের পাশাপাশি কয়েক মাস ধরে দূষণ ছড়িয়ে পড়েছিল। এর ফলে নিউইয়র্কের বহু মানুষ ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন।

মামদানি বলেন, মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, কারণ তারা যেসব নেতার ওপর আস্থা রেখেছিল, তারা তাদের নিরাপদ বলে আশ্বস্ত করেছিলেন এবং বিষাক্ত বাতাস সম্পর্কে সত্য জানাননি।

যেভাবে ঘটেছিল ৯/১১

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। এর মধ্যে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হানে। ১১০ তলা ভবন দুটি পরে ধসে পড়ে।

তৃতীয় বিমানটি ওয়াশিংটনের পেন্টাগনে আঘাত করে। চতুর্থ বিমানটি যাত্রীদের প্রতিরোধের পর পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়।

হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের বাইরে ৯/১১-সংশ্লিষ্ট বিভিন্ন রোগে এখন পর্যন্ত আরও ৯ হাজার ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন বলে হামলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য গঠিত একটি ফেডারেল কর্মসূচির হিসাবে জানা যায়।

নতুন প্রজন্মের কাছে ৯/১১-এর স্মৃতি

হামলায় চাচাকে হারানো ৩২ বছর বয়সী লোগান মিলার পরে ৯/১১-সংশ্লিষ্ট অসুস্থতায় তার দাদাকেও হারান। তিনি বলেন, নতুন প্রজন্মের অনেকেই ওই ঘটনার ভয়াবহতা পুরোপুরি উপলব্ধি করতে পারে না। তাই তারা এ ঘটনা সম্পর্কে আরও বেশি প্রশ্ন করছে।

স্মরণ অনুষ্ঠান ঘিরে লোয়ার ম্যানহাটনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম ঘিরে মার্কিন সিক্রেট সার্ভিসের পাশাপাশি নিউইয়র্ক পুলিশও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টি-ড্রোন দল মোতায়েন থাকবে। তবে অনুষ্ঠানকে ঘিরে নির্দিষ্ট কোনো হামলার হুমকি সম্পর্কে গোয়েন্দা তথ্য নেই।

এদিকে ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে আল-কায়েদাও একটি ভিডিও প্রকাশ করেছে। এতে সংগঠনটির প্রয়াত নেতা ওসামা বিন লাদেন এবং তার ছেলে হামজার ছবি দেখানো হয়েছে।

বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক হারবারের আকাশে বিশেষ ড্রোন শোর আয়োজন করা হয়। এতে ২ হাজার ৯৭৭টি আলো ব্যবহার করা হয়—হামলায় নিহত প্রতিটি মানুষের স্মরণে একটি করে আলো।

 
ইত্তেফাক/এসএ