‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় লিওনেল মেসি!

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

ভিয়েতনামে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে আলাদা করে নজর কাড়লেন আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাড। রংবেরঙের নানা নকশার পোশাকের ভিড়ে তার নীল-সাদা পোশাকটি তাকে আলাদা করেছে। কেননা, অ্যালিনা লুজের পোশাকজুড়ে ছিল শুধুই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। 

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বিভিন্ন দেশের প্রতিযোগীরা হাজির হয়েছিলেন নানা নকশার পোশাকে। তাদের ভিড়ে অ্যালিনার পোশাকের ওপরের অংশে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সির আদল। আর নিচের অংশজুড়ে মেসির ফুটবলজীবনের নানা মুহূর্তের ছবি। মেসির ক্যারিয়ারের সাফল্য, আনন্দ, হতাশা আর স্মরণীয় নানা মুহূর্ত।

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাড

কোথাও বিশ্বকাপ হাতে মেসি, কোথাও আবার বিশ্বকাপ ফাইনালের পর হতাশ মুখ। মেসির ক্লাব ফুটবলের দীর্ঘ পথচলার স্মৃতিও জায়গা পেয়েছে সেই পোশাকে। নিউওয়েলস বয়েজ থেকে বার্সেলোনা, পিএসজি থেকে ইন্টার মায়ামি— বিভিন্ন ক্লাবের জার্সিতে মেসির মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে পোশাকে। 

অ্যালিনার এই বিশেষ পোশাকের পরিকল্পক অরেলিয়ো মার্টিনেজ। মেসির দীর্ঘ ফুটবলজীবনের নানা অধ্যায়কে এক পোশাকে তুলে ধরেছেন তিনি। ফলে সেটি শুধু সৌন্দর্য প্রতিযোগিতার পোশাক হয়ে থাকেনি, হয়ে উঠেছিল আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে সম্মান জানানোর এক অভিনব আয়োজন।

এর মধ্যে মেসিকে ঘিরে আবেগটাও যেন আরও গভীর। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক। গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই দেশের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এলএমটেন। 

আর ঠিক এমন এক সময়ে সৌন্দর্যের আন্তর্জাতিক মঞ্চে তার ফুটবলজীবনের স্মরণীয় মুহূর্তগুলোকে পোশাকে তুলে ধরে তাকে সম্মান জানালেন আর্জেন্টিনার অ্যালিনা লুজ আক্সেলরাড। ফুটবলের মাঠে নয়, এবার অন্য এক মঞ্চে মেসির গল্প বলল আর্জেন্টিনার নীল-সাদা রং।

 

ইত্তেফাক/জেডএইচ