সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন-চেষ্টা, ফিরিয়ে দিলো বিজিবি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯

বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে দক্ষিণ দিকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে কালিগঞ্জের সীমান্তে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে কালিন্দী নদীর বাঁশঝাড়িয়া এলাকায় স্পিড বোটে অজ্ঞাত ব্যক্তিদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে আসামাত্রই বিজিবি সদস্যরা স্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছান এবং সরাসরি বাধা প্রদান করে অনুপ্রবেশে ঠেকান। তাৎক্ষনিক ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

বিজিবি অধিনায়ক আরও জানান, পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম