রংপুরে সপরিবারে হত্যা

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৬

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শ করতে না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ১৬ জন আইনজীবী সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জয়া ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার সাহার নেতৃত্বে নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর ওই বাড়িতে যান। কিন্তু পুলিশি বাধায় শোবার ঘর পরিদর্শন না করতে পেরে তারা ক্ষোভ প্রকাশ করেন।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, রংপুরে সংঘটিত ওই চার হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ইতোমধ্যে উচ্চ আদালতে রিট ফাইল করা হয়েছে এবং তারা এই মামলার আইনি প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। বাড়িটি পরিদর্শনের বিষয়ে আগে থেকেই রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং কোতোয়ালি থানাকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল এবং সে সময় পুলিশ কমিশনার পরিদর্শনের অনুমতিও দিয়েছিলেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর থানা-পুলিশ জানায় যে, আইনজীবীদের শুধুমাত্র বাড়ির ছাদ ও নিচতলা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে, কোনোভাবেই শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘরটিতে প্রবেশ করার অনুমতি নেই।

ঘটনাস্থল থেকে বাড়ির ভেতরের পরিস্থিতি স্বচক্ষে দেখার জন্য আইনজীবীরা একাধিকবার মোবাইল ফোনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি, এমনকি নম্বর ব্লক করে রেখেছেন বলে অভিযোগ করেন আইনজীবীরা।

অ্যাডভোকেট অনুপ কুমার সাহা ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, “আমরা যদি ঘরের ভেতরটা দেখতে পেতাম, তবে তা আদালতে যথাযথভাবে উপস্থাপন করতে পারতাম। কিন্তু পুলিশ কমিশনার আমাদের ফোন ধরেননি।” তিনি আরও বলেন, পুলিশের কাজ জনগণের সুরক্ষা দেওয়া। সুষ্ঠু তদন্তের স্বার্থে শোবার ঘরটি দেখার অনুমতি দিলে তদন্তের কোনো ব্যত্যয় ঘটত না। এই ধরনের হত্যাকাণ্ডের ক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিয়ে ব্যক্তিগতভাবে সংশয় প্রকাশ করলেও তিনি বলেন যে, দেশবাসীর মতো তারা এখনো বিচার পাওয়ার আশা হারাতে চান না এবং এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ সব ধরনের আইনি সহায়তা প্রদান চালিয়ে যাবে।

এ সময় পরিদর্শক দলে সুপ্রিম কোর্টের অন্য আইনজীবীদের মধ্যে অপূর্ব ভট্টাচার্য ও জহরলাল দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএম