যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যকার আলোচনার পরবর্তী পর্যায় পিছিয়ে আগামী অক্টোবর মাসে নির্ধারণ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রোমে আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সফরসূচি সংক্রান্ত জটিলতার কারণে বৈঠকটি বিলম্বিত হয়েছে বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানান। তবে ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং হিজবুল্লাহর অস্বীকৃতির কারণে এই প্রক্রিয়ার গতি মন্থর হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
পরবর্তী বৈঠক পিছিয়ে গেলেও উভয় দেশের রাষ্ট্রদূতরা হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের রূপরেখা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক করবেন। ওয়াশিংটনে এর আগের বৈঠকে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার, পররাষ্ট্র দপ্তরের চিফ অব স্টাফ ড্যানিয়েল হলার, লেবাননে মার্কিন রাষ্ট্রদূত মিশেল ঈসা এবং যুক্তরাষ্ট্রে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ।
দ্য টাইমস অব ইসরায়েলকে এক লেবানিজ কর্মকর্তা জানান, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ‘নির্বিচার’ হামলা হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষেত্রে বৈরুতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, লেবাননের সশস্ত্র বাহিনী এখনো এই দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম নয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল

