কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ জানায়, হাসান নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ ঘটনায় আজ উখিয়া থানায় মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

