পাড় ধসে মেঘনায় নিখোঁজের ৩ দিন পর মিললো বিজিবি সদস্যের মরদেহ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:২২

ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে তিন দিন পর নিখোঁজ বিজিবি সদস্য আমজাদ হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য আমজাদ হোসেনের বাড়ি ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জেলেরা নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহটি মেঘনা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ মেঘনা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

এদিকে মরদেহ উদ্ধারের পর নদীর তীরে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে ৯ সেপ্টেম্বর ভোলার শিবপুরে মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদীর পাড় ধসে যায়। এতে পাঁচজনই নদীতে তলিয়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে রাকিব ও বিজিবি সদস্য মো. আমজাদ হোসেন নিখোঁজ হন। পরে রাকিবের মরদেহ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার উপকূলীয় এলাকার একটি চর থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। সর্বশেষ শনিবার নিখোঁজ বিজিবি সদস্য আমজাদ হোসেনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে এই দুর্ঘটনায় নিখোঁজ দুই যুবকেরই মরদেহ উদ্ধার হলো। 

ইত্তেফাক/এপি