খেলা নিয়ে ক্লাব এবং লিগ কমিটি মুখোমুখি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

স্থবির হয়ে থাকা দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর শুরুর আগে ক্লাব এবং লিগ কমিটি মুখোমুখি। দুই পক্ষ দুই পক্ষকে রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে। ক্লাবগুলো বলছে ধারাবাহিকভাবে খেলা হতে হবে। খেলাটা যেন নিরবচ্ছিন্নভাবে হয়। 

ক্লাবগুলোর কথা হচ্ছে সামনে ফিফা আসিয়ান কাপ ফুটবল রয়েছে, সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। এই দুটোর কারণে ঘরোয়া লিগের খেলা শুরু করেই আবার বন্ধ করতে হচ্ছে। বরং একবারে দুই টুর্নামেন্ট শেষ হলেই যেন লিগ শুরু হয়। তাতে ক্লাবগুলোর আর্থিক ক্ষতি থেকে বাঁচবে। জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে হবে। তাহলে লিগের খেলা এমনভাবে শুরু হোক যেন ক্লাবগুলো ক্ষতির মধ্যে না পড়ে।

অন্যদিকে, লিগ কমিটির কথা তারা খেলা বন্ধ করবে না। খেলা চলবে। জাতীয় দলের আন্তর্জাতিক সূচির সঙ্গে ঘরোয়া ফুটবলের সময়সূচির সংঘাত নিয়ে প্রশ্ন উঠলেও লিগ শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসেনি লিগ কমিটি। এবার আসিয়ান কাপ চলাকালেও লিগের দুটি রাউন্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে। 

প্রশ্ন উঠছে আগে তো এই নিয়ম ছিল না। জাতীয় দলের খেলা থাকলে ক্লাবের খেলা বন্ধ রাখা হয়েছে। এখন কেন এই সিদ্ধান্ত। লিগ কমিটির চেয়ারম্যান আগেও আপনি ছিলেন এখনো আপনি আছেন। মানুষ একই, তাহলে দুই রকম সিদ্ধান্ত কেন? লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন 'কখনো হয়নি, আমরা আসলে লিগ শুরু করার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা কখনো হয়নি বলে যে কখনো হবে না, সেটা তো আসলে থাকা ঠিক না।'

লিগ কমিটি আর কিছু ক্লাবের মধ্যে মানসিক যুদ্ধ তৈরি হয়েছে। খেলবে ক্লাবগুলো। কিন্তু বাফুফের লিগ কমিটি ক্লাবগুলোর সঙ্গে বসছে না। কথাও বলছে না। লিগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করা হতো। কিন্তু বর্তমান লিগ কমিটি সেটা করে না। একটা সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দেয় বলে ক্লাবগুলোর আপত্তি। 

ক্লাবগুলোর কথা হচ্ছে কবে কখন খেলা হবে, কী কী সমস্যা সমাধান করার দরকার। ক্লাবগুলোর কোনো বক্তব্য রয়েছে কি না তা নিয়ে আলোচনা করা। কিন্তু এখনকার লিগ কমিটির কাছে এসবের কোনো বালাই নেই। এভাবে চলতে চলতে লিগ কমিটি থেকে ক্লাবগুলোর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়েছে। কিছু ক্লাব লিগ কমিটির সঙ্গেও আছেন পেছনেও রয়েছেন। তারা মুখ ফুটে কিছু বলতে গেলে ভয় পান।

ক্লাবগুলো যেসব দাবি তুলে ধরেছিল। সেসব পাত্তা দিচ্ছেন লিগ কমিটি। তারা বাফুফের তাবিথ আউয়ালের কথায় চলছেন। ইমরুল হাসানের কাছে প্রশ্ন ছিল ক্লাবগুলোর সঙ্গে বসা হয়েছে কি না। তিনি জানিয়েছেন ক্লাবগুলোর সভাপতির সঙ্গে কথা বলছে। চিঠি দিয়েছে সভাপতিকে।' আপনারা (লিগ কমিটি) ক্লাবগুলোর সঙ্গে বসবেন কি না জানতে চাইলে ইমরুল হাসান জানিয়েছেন, 'আমরা সভাপতির সঙ্গে বসব।'

এই পরিস্থিতিতে গতকাল ইমরুল হাসান ঘোষণা করেছেন ১৮ সেপ্টেম্বর লিগ শুরু হবে, ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ। গতকাল বিকালে বাফুফে ভবনে ১৩ ক্লাব নিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ড্র এবং গ্রুপিংও সম্পন্ন করা হয়। প্রশ্ন ছিল ড্র হয়েছে, ক্লাবগুলো আসবে কি না। ইমরুল হাসান আশাবাদী, 'আমরা আশাবাদী সবাই অংশগ্রহণ করবে। আজ রাতেই (গতকাল) লিগের ফিকশ্চার।'

গতকাল ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে মোহামেডানসহ একাধিক ক্লাবের প্রতিনিধি ছিলেন না। আবার অন্যদিকে যে ১০টি ক্লাব বিভিন্ন দাবি নিয়ে স্বাক্ষর করে বাফুফের সভাপতিকে দিয়েছিলেন সেই তালিকার একাধিক ক্লাবের প্রতিনিধিও ছিলেন। ক্লাব এবং লিগ কমিটির পরিস্থিতি কঠিন দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় তা বলা কঠিন। তবে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচ