পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৪

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে পিকনিকের নৌকার ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রকি ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার সকাল ৯টার দিকে চরকুড়লিয়া গ্রামের আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে নৌ-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এর আগে শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী নিয়ে পিকনিকের নৌকাটি হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে ধাক্কা খায়। এ সময় রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন। পরে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও রকি নিখোঁজ ছিলেন।

পিকনিকে অংশ নেওয়া যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে নৌকাযোগে পদ্মা নদীতে পিকনিকে বের হন শতাধিক মানুষ। দিনভর ভ্রমণ শেষে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে নৌকাটির ধাক্কা লাগে। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, চরকুড়লিয়া গ্রামের পদ্মার শাখা নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির বলে নিশ্চিত হওয়া গেছে।

ইত্তেফাক/এপি