৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪১

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী সাধারণত পুলিশ হতো। কিন্তু গত ২ বছরে একটি রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি।

তিনি আরও বলেন, 'অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাকারবার বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, 'এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।'

এর আগে সাতক্ষীরার বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন আইনমন্ত্রী। বিচার বিভাগকে আরও গতিশীল করতে বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ দান এবং মামলার জট কমানোর আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ।

ইত্তেফাক/এসজে