ফেডকাপ এবং ফুটবল লিগের ফিকশ্চার ঘোষণা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

বাফুফের ফুটবল লিগ কমিটি গত পরশুদিনও ঘোষণা দিয়েছে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ শুরু হবে। ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার লিগ শুরু হবে। অথচ চার দিন আগেও ফিকশ্চার পায়নি ক্লাবগুলো। গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত ক্লাবগুলোর হাতে যায়নি বাংলাদেশ ফুটবল লিগের ফিকশ্চার। 

গতকাল রাতে একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তারা ফিকশ্চার পায়নি। এর মধ্যে মোহামেডানের পরিচলাক মোস্তাকুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা লিগের ফিকশ্চার পাননি। শুধু মোহামেডানই নয়, আবাহনীও লিগের ফিকশ্চার পায়নি। আবাহনীর ম্যানেজার সহিদ হোসেন স্বপ্ন জানিয়েছেন তারা ফিকশ্চার পাননি। তিনি বলেন, 'আমি যতক্ষণ ক্লাবে ছিলাম, ফিকশ্চার আসেনি। এখনো বেরিয়ে বাসায় চলে এসেছি খোঁজ নিয়ে বলতে পারি।' স্বপন তার ক্লাবের খোঁজ নিয়ে নিশ্চিত করেন লিগের ফিকশ্চার বাফুফে হতে আসেনি।

গত পরশু বিকালে বাফুফে ভবনে ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল লিগের ফিকশ্চার ঘোষণা করা হবে। বলা হয়েছিল ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ, আর ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছিলেন আজ রাতে লিগের ফিকশ্চার পেয়ে যাবেন।' সেই ঘোষণার পর বিভিন্ন ক্লাবে খোঁজ নিয়ে জানা যায় ফিকশ্চার হাতে আসেনি।

ক্লাবগুলো তাদের কিছু দাবি বাফুফেতে পাঠিয়েছিল। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এক দফা কথা বলে পরবর্তী সময় ছয়টি দাবি বাফুফের কাছে পাঠানো হয়। সেই দাবির অন্যতম ছিল ফুটবল লিগটা এমনভাবে শুরু করা হোক যেন নিরবচ্ছিন্নভাবে খেলাটা হয়। তাদের দাবি সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে, আসিয়ান কাপ ফুটবল রয়েছে। ঢাকা স্টেডিয়ামে খেলা চেয়েছিল। ছয় দাবির কোনোটাই আমলে নেয়নি বাফুফে। 

এমনকি ক্লাবগুলোর সঙ্গেও বসে তাদের সমস্যার কথাও শুনতে চায়নি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফেডারেশন কাপ ফুটবলের ড্র সম্পন্ন করে। এবং লিগের ফিকশ্চার ঘোষণা করার কথা জানিয়েছিলেন ইমরুল হাসান। লিগের ফিকশ্চার ঘোষণা করা হয়নি। ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান দাবি করলেন তিন দিন পরে লিগ। এখনো ফিকশ্চার ঘোষণা না হয়, তাহলে আমরা কী করব।

দিনভর নানা নাটকীয়তার পর গতকাল রাতে ফিকশ্চার ঘোষণা করা হয়েছে। ক্লাবগুলো রাত সাড়ে ৯টা পর্যন্ত ফিকশ্চার হাতে না পাওয়ার দাবী করলেও বাফুফে হতে রাত ৯টা ৫৯ মিনিটে সংবাদমাধ্যমকে ফুটবল লিগের ফিকশ্চার পাঠানো হয়। ফেডারেশন কাপ ফুটবল এবং ফুটবল লিগের ফিকশ্চার এক সঙ্গে ঘোষণা করেছে লিগ কমিটি। ১৮ সেপ্টেম্বর থেকেই লিগ শুরু হবে, একদিনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে মোহামেডানের খেলা রাখা হয়নি, আবাহনীর খেলা মানিকগঞ্জে পিডব্লিউডির বিপক্ষে। ফেডারেশন কাপের প্রথম খেলা ২২ সেপ্টেম্বর রাখা হয়েছে। ফেডারেশনের কাপ ফুটবলের যে ড্র হয়েছে, সেটাও ফিকশ্চার ঘোষণা করা হয়নি।

ইত্তেফাক/জেডএইচ