গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৩

গাজায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। এর পর ঐ দুই ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ইউভাল আব্রাহাম ও রেচেল জোরের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর।

রোববার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিকি জোহর ‘নাজা’ নামের ওই প্রামাণ্যচিত্রটিকে ‘ঘৃণ্য’ এবং ভেনিস উৎসবে এর জয়কে ‘স্তম্ভিত করার মতো’ বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষীদের করতালিয়া পাওয়ার আশায় নির্মাতারা দেশের ক্ষতি করেছেন।

ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী বলেন, ইউভাল আব্রাহাম ও রেচেল জোরের এই আচরণ ‘রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার শামিল’। তিনি স্পষ্ট জানান, ‘সংস্কৃতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অপরাধে আমি অবিলম্বে এই জঘন্য নির্মাতাদের ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের জন্য পদক্ষেপ নেব।’

৮০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে গাজায় ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত গণহত্যা চালাতে ইসরায়েল কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ব্যবস্থা ব্যবহার করেছে তা তুলে ধরা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ছবিটি স্পেশাল জুরি প্রাইজ লাভ করে এবং প্রদর্শনী শেষে দর্শক প্রাঙ্গণে দীর্ঘ ২৫ মিনিট ধরে করতালি চলে।

পরিচয় গোপন রাখার শর্তে দেওয়া ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে ছবিটি তৈরি হয়েছে। সাক্ষাৎকার প্রদানকারীরা জানান, ‘ল্যাভেন্ডার’ নামে একটি এআই ব্যবস্থার মাধ্যমে ফিলিস্তিনিদের যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করে সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের নির্দেশ নিশ্চিত করা হতো।

চলচ্চিত্রটির অন্যতম পরিচালক ইউভাল আব্রাহাম আশা প্রকাশ করেছেন, এই প্রামাণ্যচিত্রটি দেখার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেবে।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ