ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, গ্রাহক ফোরামের নেতা আহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। পরে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গ্রাহক ফোরাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।

চাকরি পুনর্বহালের দাবিতে সেখানে স্লোগান দেন চাকরিচ্যুত কর্মকর্তারা। একই সময়ে নিরপেক্ষ পরিচালনা পর্ষদসহ কয়েকটি দাবিতে কর্মসূচি পালন করে সচেতন গ্রাহক ফোরাম।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাকরিচ্যুত কর্মকর্তাদের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের পর সংবাদ সম্মেলনে গ্রাহক ফোরামের পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

 
ইত্তেফাক/এসএ