শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ, যেভাবে মিলবে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা নিয়মিত কার্যক্রমে ফিরবেন।

তবে ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বার্ষিক ছুটির তালিকায় ২৩ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত রয়েছে।

অন্যদিকে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।

বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অবশ্য বিষয়টি ভিন্ন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নিতে পারে। ফলে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি নাও থাকতে পারে।

কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।

ইত্তেফাক/এসজেএস