জাতীয় দলের ৯ ফুটবলার ফেরত চেয়ে বাফুফেকে মোহামেডানের চিঠি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯

আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ মাঠে গড়ানোর কথা। লিগে অংশ নেওয়া ১৩টি ক্লাবের মধ্যে ১০টি ক্লাব বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়ে লিগের খেলা নিরবচ্ছিন্নভাবে শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিল। তবে ক্লাবগুলোর সেই দাবি উপেক্ষা করেই রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার চূড়ান্ত করেছে বাফুফে।

ফিকশ্চার ঘোষণার পর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাবেক চ্যাম্পিয়ন দলটির ৯ ফুটবলার বর্তমানে আসিয়ান কাপের প্রস্তুতির জন্য চলমান জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন। এতে নতুন মৌসুমের জন্য এখনো অনুশীলনও শুরু করতে পারেনি ক্লাবটি।

লিগ শুরুর বাকি মাত্র চার দিন। তাই মঙ্গলবার থেকেই অনুশীলনে নামতে চায় সাদা-কালোরা। কিন্তু দলের গুরুত্বপূর্ণ ৯ খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে থাকায় প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ক্লাবটি।

এ অবস্থায় সোমবার বিকেলে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান। চিঠিতে আগামীকাল মঙ্গলবারের মধ্যে জাতীয় দলের ক্যাম্পে থাকা তাদের ৯ ফুটবলারকে অবমুক্ত করার অনুরোধ জানানো হয়েছে, যাতে লিগ সামনে রেখে দলটি পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করতে পারে।

মোহামেডান বলেছে, ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সময়ে তারা জাতীয় দলের জন্য খেলোয়াড় ছেড়ে দেবে।

মোহামেডানের ৯ ফুটবলার

সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, ফয়সাল আহমেদ ফাহিম, সোরভ দেওয়ান, সোহেল রানা, শাহরিয়ার ইমন।

ইত্তেফাক/এমএসআর